insurancejobsbd@gmail.com রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩

চাকরিপ্রার্থী থেকে প্রাসঙ্গিক পেশাদার: প্রোফাইল অপটিমাইজেশনের গুরুত্ব


প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ১২:৫২

এস এম জিয়াউল হক, এফএলএমআই: বর্তমান ডিজিটাল যুগে চাকরির আবেদন মানে আর শুধু খামে ভরা বায়োডাটা বা ডাকযোগে পাঠানো আবেদনপত্র নয়। এখনকার নিয়োগ প্রক্রিয়া অনেকটাই প্ল্যাটফর্ম ও ডাটাবেজ-নির্ভর। কিন্তু অনেক সম্ভাবনাময় প্রার্থীর মধ্যেই একটি বড় দুর্বলতা দেখা যায়- তারা কোনো প্রফেশনাল প্ল্যাটফর্মে বা জব পোর্টালে একবার একটি অ্যাকাউন্ট তৈরি করেই দায়িত্ব শেষ মনে করেন। বছরের পর বছর সেই তথ্যগুলো আর আপডেট করা হয় না।

অথচ কর্মজীবনে সময় কখনোই থেমে থাকে না। আপনার কাজের অভিজ্ঞতা বাড়ছে, নতুন দায়িত্ব যুক্ত হচ্ছে, আধুনিক কোনো সফটওয়্যার বা প্রযুক্তির ওপর দক্ষতা তৈরি হচ্ছে, কিংবা প্রফেশনাল কোনো ডিগ্রি ও ট্রেনিং সম্পন্ন হয়েছে। আপনার ক্যারিয়ারের লক্ষ্য বা দৃষ্টিভঙ্গিও হয়তো আগের চেয়ে অনেক বেশি পরিণত। এই সমস্ত অর্জন যদি আপনার প্রফেশনাল প্রোফাইলে প্রতিফলিত না হয়, তবে একজন নিয়োগকর্তা আপনাকে মূল্যায়ন করবেন কোন তথ্যের ভিত্তিতে?

একটি কার্যকর ও পেশাদার প্রোফাইল গড়ে তোলার ক্ষেত্রে কিছু মৌলিক বিষয় খেয়াল রাখা জরুরি:

সঠিক ও হালনাগাদ তথ্য: পদের নাম, বর্তমান দায়িত্ব এবং কর্মকাল স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা: অতীতের কাজের বিবরণ এমনভাবে লিখতে হবে যেন তা আপনার নতুন পদের যোগ্যতাকে সরাসরি সমর্থন করে।

দক্ষতা ও সার্টিফিকেশন: সাম্প্রতিক সময়ে অর্জিত টেকনিক্যাল বা লিডারশিপ স্কিলগুলো প্রোফাইলের নির্দিষ্ট স্থানে যুক্ত করা আবশ্যক।

সুনির্দিষ্ট ও পেশাদার উপস্থাপন: ব্যাকরণগত নির্ভুলতা এবং পরিচ্ছন্ন কাঠামো একজন প্রার্থীর দায়িত্বশীলতা প্রমাণ করে।

আধুনিক রিক্রুটমেন্ট ব্যবস্থায় প্রতিষ্ঠানগুলো সরাসরি ‘সার্চ অ্যান্ড ফিল্টারিং’ পদ্ধতি ব্যবহার করে প্রার্থী বাছাই করে। আপনি যে পদের জন্য হয়তো শতভাগ উপযুক্ত, কেবল প্রোফাইল আপডেট না থাকার কারণে বা সঠিক ‘কী-ওয়ার্ড’ অনুপস্থিত থাকায় স্বয়ংক্রিয় সার্চে আপনার নাম তালিকাতেই আসে না। ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি সুযোগের বাইরে রয়ে যান।

মনে রাখবেন, চাকরির বাজারে নিজেকে শুধু একজন "Job Seeker" হিসেবে উপস্থাপন করার দিন ফুরিয়ে গেছে। বর্তমান প্রতিযোগিতায় নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে একজন প্রস্তুত ও প্রাসঙ্গিক পেশাদার (Relevant Professional) হিসেবে। আপনার প্রোফাইলটি আপনারই পেশাগত ব্যাকগ্রাউন্ডের প্রতিনিধিত্ব করে- তাই এটিকে সর্বদা জীবন্ত, হালনাগাদ এবং অপটিমাইজড রাখুন।

লেখক: বীমা ও আর্থিক খাত বিশেষজ্ঞ, সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি 

এমএসএস

সম্পর্কিত খবর